নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ভূমিহীন ও কৃষকের কাছ থেকে চাঁদা না পেয়ে চাষাবাদ বন্ধ করে দেওয়া, মারধর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ভূমিহীন কৃষকরা।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার চর আতাউরের উত্তর পাশের সরকারি খাস জমিতে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় সন্ত্রাসীদের বিচার দাবিতে বিক্ষোভও করেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় ভূমিহীন কৃষক মাহমুদুল হক মাজু, মোজ্জাকের বারী, আবদুল কুদ্দুস, মো. লিটন উদ্দিনসহ ভূমিহীন পরিবারের নারীরা।
বক্তারা জানান, চর কিং ও চর বগুড়ার ভূমিহীন বাসিন্দারা কয়েক প্রজন্ম আগে চর আতাউরের এই সরকারি খাস জমিতে বসবাস করতেন। নদী ভাঙনে চর বিলীন হলে তারা অন্যত্র আশ্রয় নেন। কয়েক বছর আগে চরটি নতুন করে জেগে ওঠার পর প্রায় ৫০০ ভূমিহীন কৃষক বর্ষা মৌসুমে চাষাবাদের প্রস্তুতি নেন এবং প্রশাসনের অনুমতি নিয়ে নির্দিষ্ট এলাকায় চাষাবাদ শুরু করেন।
অভিযোগ করে তারা বলেন, তমরদ্দি ইউনিয়ন বিএনপির নেতা নিজাম উদ্দিন চৌধুরী, শামীম উদ্দিন ও আলমগীর কবিরের নেতৃত্বে একটি চক্র চরের দখল নিতে চাইছে। তারা ভূমিহীনদের চাষাবাদ বন্ধ করতে চাপ দেয় এবং চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় সাম্প্রতিক সময়ে তাদের মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

