কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় পৌর বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম আঙুরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শাহ আলম।
অনুষ্ঠানে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। একই দিনে উপজেলা বিএনপির আওতাধীন ছয়টি ইউনিয়নেও পৃথকভাবে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদকরা সভাপতিত্ব ও সঞ্চালনা করেন।
এদিকে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী হলেও কুলিয়ারচরে আওয়ামী লীগ বা তাদের অঙ্গ সংগঠনগুলোর কোনো কর্মসূচি চোখে পড়েনি। উপজেলা বিএনপির নেতৃবৃন্দ দাবি করেন, “নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের যেকোনো অপতৎপরতা ঠেকাতে” তারা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে ছিলেন।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান নাজিম ও ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান খান গতকাল এক বিজ্ঞপ্তির মাধ্যমে সকল নেতাকর্মীকে সতর্ক থাকতে নির্দেশ দেন, যাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

