নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দায় গাঁজা, ফেনসিডিল ও দেশীয় অস্ত্র রামদাসহ চিহ্নিত মাদক কারবারি আলম ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার মধ্যরাতে উপজেলার গনেশপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তার কাছ থেকে ১৯৩.৩ কেজি গাঁজা, ২১ বোতল ফেনসিডিল ও চারটি দেশীয় অস্ত্র (রামদা) জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আলম একই উপজেলার উত্তর শ্রীরামপুর গ্রামের আলাউদ্দিন মণ্ডলের ছেলে।
সোমবার দুপুরে পাঠানো র্যাবের প্রেস রিলিজে জানানো হয়, র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল জানতে পারে যে, আলম ইসলাম দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজা কেনাবেচা করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা দল তার গতিবিধি পর্যবেক্ষণ করে এবং সোমবার রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
প্রেস রিলিজে আরও জানানো হয়, আলম ইসলাম একজন চিহ্নিত মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে অজ্ঞাত স্থান থেকে গাঁজা ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় পাইকারি হারে বিক্রি করে আসছিলেন।
পরে তার বিরুদ্ধে মান্দা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

