Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রুয়েটে ছাত্রীদের জন্য স্বল্পখরচে তৈরি বৈদ্যুতিক যান উদ্বোধন

রাজশাহী প্রতিনিধি
আগস্ট ১৯, ২০২৫ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর যন্ত্রকৌশল বিভাগ ছাত্রীদের অভ্যন্তরীণ যাতায়াত সহজ করতে নিজস্ব প্রযুক্তিতে স্বল্প খরচে একটি বৈদ্যুতিক যান (ইভি) তৈরি করেছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাত থেকে অর্থায়নে নির্মিত এ যানটির উদ্বোধন করেন রুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক। উদ্বোধন অনুষ্ঠানটি আজ (১৯ আগস্ট) রুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

প্রাথমিকভাবে এই বৈদ্যুতিক যানটি ছাত্রীদের হোস্টেল থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিবহন সেবা প্রদান করবে। গাড়িটি প্রতি ২০ মিনিট অন্তর যাত্রী পরিবহন করবে বলে জানিয়েছে প্রশাসন। পরীক্ষামূলক এ সেবা সফল হলে ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক বলেন,
“আমরা বাহির থেকে গাড়ি ক্রয় না করে রুয়েটের গবেষণা খাত থেকে অর্থ বরাদ্দ দিয়েছি। এতে যেমন গবেষণাকে প্রাধান্য দেওয়া হয়েছে, তেমনি শিক্ষার্থীরাও বাস্তব প্রয়োগমুখী অভিজ্ঞতা অর্জন করেছে। এই অভিজ্ঞতা তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনে কাজে আসবে।”

এই প্রকল্পের নেতৃত্ব দিয়েছেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. শাহজাদা মাহমুদুল হাসান। তিনি জানান, প্রতিটি ইভির আনুমানিক উৎপাদন খরচ ৫ থেকে ৬ লাখ টাকা, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবহৃত প্রায় ১৮ লাখ টাকার বৈদ্যুতিক যানগুলোর তুলনায় অনেকটাই খরচ-সাশ্রয়ী।

প্রকল্প সম্পর্কে অধ্যাপক ড. শাহজাদা মাহমুদুল হাসান বলেন,
“এই উদ্যোগের মাধ্যমে আমরা আউটকাম বেসড এডুকেশনের (OBE) লক্ষ্যসমূহ অর্জন করতে পেরেছি। আমাদের শিক্ষার্থীরা শুধু জ্ঞানে নয়, বরং বাস্তব সমস্যার সমাধানেও সমান দক্ষতা প্রদর্শন করেছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।