Nabadhara
ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা-০৪ আসনের সীমানা নির্ধারণের প্রতিবাদে আশাশুনিতে সংবাদ সম্মেলন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২৫ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক সদ্য জারিকৃত সীমানা পুনর্নির্ধারণ বিজ্ঞপ্তির (৩০ জুলাই ২০২৫) প্রতিবাদে এবং আশাশুনিকে পূর্বের সাতক্ষীরা-০৩ আসনে পুনঃস্থাপনের দাবিতে আশাশুনিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় আশাশুনি উপজেলা জামায়াতের আয়োজনে প্রেস ক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার লিখিত বক্তব্য পাঠ করে জানান, সাতক্ষীরা জেলার দক্ষিণাঞ্চলে অবস্থিত আশাশুনি ও শ্যামনগর উপজেলা স্বাধীনতার পর থেকে ২০০৮ সাল পর্যন্ত পৃথক দুটি সংসদীয় আসনে অন্তর্ভুক্ত ছিল। আশাশুনি ছিল সাতক্ষীরা-০৩ এবং শ্যামনগর ছিল সাতক্ষীরা-০৫ আসনে। ভৌগলিকভাবে দুর্গম ও উপকূলীয় দুর্যোগপূর্ণ এলাকা বিবেচনায় এই বিভাজনটি ছিল যথাযথ।

তিনি অভিযোগ করেন, বিগত ফ্যাসিবাদী আমলে শুধু ভোটার সংখ্যার বিবেচনায় জামায়াত ও বিএনপির ঘাঁটি এলাকা থেকে আসন কমিয়ে রাজনৈতিকভাবে সুবিধাজনক এলাকা বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা-০৩ ও ০৪ আসন একত্র করে একটি আসনে পরিণত করা হয়, যা এখন আরও জটিল আকার ধারণ করেছে।

তিনি বলেন, নতুন সীমানা অনুযায়ী মহিষাডাঙ্গা (আশাশুনি) থেকে যাতকৈখালী (শ্যামনগর) পর্যন্ত দূরত্ব প্রায় ১৫০ কিলোমিটার, এবং ভৌগোলিকভাবে এই দুই উপজেলা অসংখ্য নদী-নালায় বিভক্ত হওয়ায় কার্যকর যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠেনি। আশাশুনির বহু গ্রাম কপোতাক্ষ, বেতনা, খোলপেটুয়া, গলঘেষিয়া প্রভৃতি নদীর তীরে অবস্থিত দ্বীপে, অপরদিকে শ্যামনগর বেষ্টিত খোলপেটুয়া, মাদার, কালিন্দী, চুনা, আদি যমুনা ও অন্যান্য নদী দ্বারা।

প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এই অঞ্চল প্রতি বছরই নদী ভাঙন, প্লাবন ও ঘূর্ণিঝড়ের শিকার হয়—আইলা, বুলবুল, ফনি, রেমাল প্রভৃতি ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যা এখনও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ৩৩৪ কিলোমিটার কাঁচা রাস্তা ঘেরা এলাকায় জনপ্রতিনিধিদের পক্ষে নাগরিক সেবা পৌঁছানো প্রায় অসম্ভব।

তিনি আরও বলেন, শুধু ভোটার সংখ্যা নয়, ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা ও দুর্যোগের বাস্তবতা বিবেচনায় আশাশুনি উপজেলাকে পুনরায় পৃথক সংসদীয় আসন হিসেবে ফিরিয়ে আনার জোর দাবি জানাই। এ দাবির পেছনে এলাকাবাসীর জীবন-মরণ প্রশ্ন জড়িত। তিনি এই দাবিকে গণমানুষের দাবি হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আনারুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আঃ বারী, রোকনুজ্জামান, অফিস সেক্রেটারি রুহুল কুদ্দুছ, কর্মপরিষদ সদস্য এবিএম আলমগীর, বায়তুলমাল সম্পাদক শহিদুল ইসলাম, হাফেজ আব্দুল্লাহ, মাওলানা আঃ হাই প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।