মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের পন্ডিতপাড়া এলাকায় একসময়কার পুলিশ ফাঁড়ি (যাত্রীছাউনি) দখল করে গোডাউন হিসেবে ব্যবহার করছেন স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। ফলে সরকারি স্থাপনাটি এখন সাধারণ মানুষের কাছে গোডাউন হিসেবেই পরিচিত।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মতিয়ার রহমানের ছেলে শাকিল ও তার সহযোগীরা স্থাপনাটিতে তালা ঝুলিয়ে ব্যবসা করছেন। জানালাগুলো পলিথিনে ঢেকে দেওয়া হয়েছে, যাতে বাইরে থেকে দেখলে এটিকে গোডাউন বলেই মনে হয়।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, এটি ছিল সরকারি পুলিশ ফাঁড়ি বা যাত্রীছাউনি। অথচ শাকিল দাবি করছেন, জায়গাটি তাদের ব্যক্তিগত মালিকানাধীন, তাই সেখানে তারা গোডাউন করেছেন।
এ বিষয়ে ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল বলেন, “ফাঁড়িটি প্রশাসনের হলেও বর্তমানে দখলে রয়েছে। বিষয়টি আমার জানা ছিল না।”
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, “পুলিশ ফাঁড়ি ব্যক্তি মালিকানাধীন হওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা বিষয়টি জেনেছি, শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার জানান, “আমি প্রথমবারের মতো বিষয়টি জানলাম। চেয়ারম্যান ও থানার ওসির সঙ্গে আলোচনা করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

