গাইবান্ধা প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দীন বলেছেন, প্রয়োজনীয় সংস্কার ও বিচার শেষে দ্রুত সময়ের মধ্যে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।
শনিবার (২৩ আগস্ট) সকালে গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আয়োজিত উপজেলা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
মাওলানা মমতাজ উদ্দীন বলেন, “জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত। জামায়াতের কর্মীদের জনগণের কাছে যেতে হবে এবং দৈনিক উল্লেখযোগ্য সময় নির্বাচনী কর্মকাণ্ডে ব্যয় করতে হবে। একটি মানবিক ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়তে সৎ মানুষকে দায়িত্বে আনতে হবে।”
তিনি আরও দাবি করেন, জামায়াতে ইসলামী কখনো রাষ্ট্রক্ষমতায় না গেলেও এ দলের নেতাকর্মীরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করেছেন এবং দুর্নীতির দৃষ্টান্ত তৈরি করেননি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর মো. আব্দুল করিম সরকার। সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর ডা. আব্দুর রহিম সরকার।

