Nabadhara
ঢাকাবুধবার , ২৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ছাত্রনেতা চঞ্চল হ/ত্যা মামলা,২৬ বছর পর আদালতে বিচারপ্রক্রিয়া শুরু

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনায় দুই যুগ আগে ঘটে যাওয়া ছাত্রনেতা ওয়াহিদুজ্জামান চঞ্চল হত্যাকাণ্ডের বিচারকাজ অবশেষে নতুন করে শুরু হতে যাচ্ছে। হাইকোর্টের নির্দেশে গায়েব হয়ে যাওয়া মামলার মূল নথি পুনর্গঠনের পর আদালত আগামী ২২ অক্টোবর চার্জ গঠনের দিন ধার্য করেছে।

১৯৯৮ সালের ১৮ অক্টোবর রাতে খুন হন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা জেলা সভাপতি ওয়াহিদুজ্জামান চঞ্চল। পরদিন তার মা বেগম বদরুনেসা খুলনা থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০০১ সালে সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ।

মামলার আসামিরা হলেন আক্তার জাহান রুকু, মঈন জমাদ্দার, রওশন জামিল মিঠু, আব্দুর রাজ্জাক, জাহিদুল ইসলাম লাভলু ওরফে বাবু, একলাস আলী মোহন এবং ইমতিয়াজ হোসেন।

তবে ২০০৬ সালে মামলার মূল নথি আদালত থেকে রহস্যজনকভাবে গায়েব হয়ে যায়। তৎকালীন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ব্যক্তিগত সহকারী কাজী শামীম হোসেন নথি গ্রহণ করলেও পরবর্তীতে সেটি আর খুঁজে পাওয়া যায়নি। গঠন করা হয় তদন্ত কমিটি, কিন্তু সেই রিপোর্ট আজও প্রকাশ হয়নি। ফলে মামলার বিচার কার্যক্রম সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়ে।

২০১৪ সালে খুলনার একজন ম্যাজিস্ট্রেট হাইকোর্টের রেজিস্ট্রার বরাবর মামলার নথি পুনর্গঠনের অনুরোধ জানিয়ে চিঠি পাঠান। এর প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে খুলনা সিএমএম আদালত মামলার বাদি, সাক্ষী, পুলিশ ও আসামিপক্ষের জবানবন্দি নিয়ে নতুন করে নথি তৈরি করে। দীর্ঘ প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ডিসেম্বর মাসে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পুলিশ দাখিল করা চার্জশিট গ্রহণ করেন।

দীর্ঘ এ সময়ের মধ্যে মামলার দুই আসামি—ইফতিকার আহমেদ ও একলাস আলী মোহন মৃত্যুবরণ করেছেন। বাদি বেগম বদরুনেসাও আর জীবিত নেই। বর্তমানে মামলার বিচার হবে জীবিত পাঁচজন আসামিকে ঘিরেই।

মামলাটি বর্তমানে খুলনা মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন। আদালত সূত্র জানিয়েছে, গত ২৬ আগস্ট মামলার চার্জ গঠনের দিন নির্ধারিত থাকলেও বিচারক ঢাকায় সরকারি কাজে থাকায় তা পিছিয়ে ২২ অক্টোবর পুনর্নির্ধারণ করা হয়েছে।

এদিকে, মামলার মূল নথি গ্রহণকারী কাজী শামীম হোসেন বলেন, “আমি দায়িত্বে থাকার সময় আদালতের পক্ষ থেকে নথি গ্রহণ করেছিলাম। তবে সেটি কীভাবে হারিয়ে গেল, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই।” তিনি আরও জানান, ২০২১ সালে তিনি অবসর গ্রহণ করেছেন এবং চাকরি জীবনে এ ঘটনায় তাকে কোনো ধরনের জবাবদিহি করতে হয়নি।

দীর্ঘ দুই যুগ ধরে ঝুলে থাকা এই মামলায় অবশেষে নতুন করে বিচার শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তারা আশা করছেন, এবার সত্য উদঘাটন হবে এবং চঞ্চলের হত্যার বিচারিক প্রক্রিয়া শেষ পর্যন্ত পূর্ণতা পাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।