নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভা থেকে খণ্ড খণ্ড মিছিল বাদ্যযন্ত্রসহ চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে সমবেত হয়। সেখান থেকে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও নান্দাইল আসনের (ময়মনসিংহ-৯) মনোনয়ন প্রত্যাশী এমডি মামুন বিন আব্দুল মান্নানের নেতৃত্বে এক বিশাল র্যালি বের হয়। র্যালিটি ঝালুয়া বাজার প্রদক্ষিণ শেষে নান্দাইল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
সভায় এমডি মামুন বিন আব্দুল মান্নান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠা করেন, যা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিএনপি জন্মলগ্ন থেকেই সংগ্রাম চালিয়ে আসছে। তিনি আরও বলেন, ১৬ বছর ধরে বিএনপি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়াই করছে, যার ফলে বহু নেতা-কর্মী শহীদ হয়েছেন বা কারাবরণ করেছেন। তবে কোন অপশক্তিই বিএনপির জনপ্রিয়তাকে রুখতে পারবে না।
আলোচনা সভা শেষে আবারও র্যালি বের হয়ে নান্দাইল পুরাতন বাজারে গিয়ে শেষ হয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

