Nabadhara
ঢাকাবুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে ফিল্মি কায়দায় স্কুলছাত্রী অপহরণ: পুলিশের অভিযানে উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
সেপ্টেম্বর ১০, ২০২৫ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল


যশোরের বেনাপোলে ফিল্মি কায়দায় অস্ত্র ঠেকিয়ে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী অপহরণের দুই দিন পর পুলিশের অভিযান শেষে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত প্রধান আসামি সুমন হোসেন (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে তাকে যশোর আদালতে পাঠানো হয়। অপরদিকে, ভিকটিমকেও আইনগত প্রক্রিয়া শেষে নিরাপদ হেফাজতে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত সুমন হোসেন বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় গ্রামের সেলিম হোসেনের ছেলে।

ঘটনা ঘটে সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বেনাপোল কাগমারী কিন্ডারগার্ডেন স্কুলের সামনে। পরীক্ষা শেষে মা শিখা খাতুনের সঙ্গে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাদের পথরোধ করে। অভিযোগ অনুসারে, স্থানীয় যুবক সুমন তার সহযোগী জিসান, নাইমুরসহ ১০-১২ জন মিলে শিখা খাতুনকে মারধর করে এবং অস্ত্র ঠেকিয়ে ছাত্রী জাকিয়া পারভীন (১৫) কে একটি প্রাইভেটকারে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

পরদিন মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জাকিয়ার মা শিখা খাতুন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ থানায় মামলা করেন। তদন্তভার পান এসআই (নিঃ) মোহাম্মাদ মামুন শেখ।

মামলার পর পুলিশ অভিযান শুরু করে। মঙ্গলবার গভীর রাতে প্রধান আসামি সুমনকে গ্রেপ্তার করা হয় এবং অপহৃত জাকিয়াকে উদ্ধার করা সম্ভব হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া বলেন, “ঘটনার পরপরই পুলিশ অভিযান চালায়। মঙ্গলবার গভীর রাতে ভিকটিমকে উদ্ধার ও প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।”

তবে উদ্ধারকৃত জাকিয়া পুলিশের কাছে ভিন্ন দাবি করেছে। থানা অভ্যন্তরে সে জানায়, সুমনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল এবং তারা নিজের ইচ্ছায় পালিয়ে গিয়ে বিয়ে করেছে। মা তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় ‘অপহরণের মিথ্যা মামলা’ করা হয়েছে বলে দাবি করে। একইসঙ্গে সে স্বামীকে মুক্তি দেওয়ার অনুরোধ জানায়, নইলে আত্মহত্যার হুমকিও দিয়েছে।

কাগমারী কিন্ডারগার্ডেন স্কুলের প্রধান শিক্ষক নাসির উদ্দিন বলেন, “পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে অস্ত্র ঠেকিয়ে ছাত্রীকে অপহরণ করা একটি ভয়ঙ্কর ঘটনা। আমরা দ্রুত সব আসামিকে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানাই।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।