কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই দিঘিপাড়া এলাকা থেকে কুষ্টিয়ার আলোচিত এক অপহরণ মামলার মূল আসামী ওমর ফারুক (১৯) কে গ্রেফতার করেছে র্যাব-৫। একই অভিযানে উদ্ধার করা হয়েছে অপহৃত ভিকটিমকেও। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র্যাব-৫ সিপিসি কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হক।
র্যাব সূত্র জানায়, চলতি বছরের ২৬ জুন সকালে কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন পোড়াদহ ডিগ্রী কলেজের এক ছাত্রী কোচিংয়ে যাওয়ার পথে হারুমোড় এলাকায় পৌঁছালে ফারুকসহ কয়েকজন মাইক্রোবাসে তুলে তাকে অপহরণ করে। এ ঘটনায় ভিকটিমের মা নারগিচ খাতুন বাদী হয়ে গত ৪ জুলাই মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
র্যাব কর্মকর্তা নাজমুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় আসামী ফারুক ও ভিকটিম জয়পুরহাট এলাকায় অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে ফারুককে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।
অপহৃত ভিকটিমকে মিরপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মামলার অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

