হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
যশোরের ঝিকরগাছায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রুহুল কুদ্দুস (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে যশোর–বেনাপোল মহাসড়কের পারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুহুল কুদ্দুস উপজেলার বাঁকড়া আলিপুর গ্রামের মৃত নেছার আলীর ছেলে। তিনি নিজেই পিকআপ ভ্যান (যশোর-ন-১১-০৩৯৪) চালিয়ে যাচ্ছিলেন।
স্থানীয়রা জানান, পারবাজার এলাকায় পৌঁছালে শামীম এন্টারপ্রাইজের একটি দূরপাল্লার বাস (ঢাকা মেট্রো-ব-১২-৩৬৯৩) উল্টো পথে ঢুকে পড়ে এবং পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন রুহুল কুদ্দুস। সংঘর্ষের পরপরই বাসচালক ও তার সহকারী পালিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতকে উদ্ধার করেন। পরে নাভারণ হাইওয়ে থানা পুলিশ মরদেহ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ বলেন, “মরদেহ উদ্ধার করে রাখা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

