জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
আশাশুনি উপজেলার বাঁকড়া গ্রামের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুল গফফারকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী গোলাম মোস্তফা। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৫টায় আশাশুনি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে গোলাম মোস্তফা জানান, তার পিতা আব্দুল জলিল সরদার ২০০৫ সালে নিখোঁজ হওয়ার পর পরিবারের ভরণপোষণের দায়িত্ব আসে তাদের উপর। ৪০ বিঘা জমির মধ্যে কিছু জমিতে মাছ চাষ ও কিছু জমি হারি দিয়ে ভোগ করে আসছিলেন তারা।
২০০৬ সালে সাড়ে ৬৭ শতক জমি আব্দুল গফফারের কাছে হারি দিলে তিনি গোপনে তা ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সাজ্জাদ হোসেনের কাছে দেন। জমি ফেরত চাইলে গফফার ক্ষমতার দাপট দেখিয়ে জমি ছাড়তে অস্বীকৃতি জানান। পরবর্তীতে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যস্থতায় জমি ফেরত পেলেও মেম্বার গফফার পুনরায় তা জবরদখল করে নিজের ঘেরের সঙ্গে একীভূত করেন।
অভিযোগে আরও বলা হয়, জমি ছাড়তে বললে গফফার ২ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং প্রাণনাশের হুমকি দেন। পাশাপাশি তাকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত দেখানোর মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।
গোলাম মোস্তফা অভিযোগ করেন, আওয়ামী লীগের আমলে বরাবরই তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, অথচ রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি প্রশাসনের কাছে মেম্বার আব্দুল গফফারের কর্মকাণ্ড তদন্ত করে গ্রেফতারপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

