হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
যশোরের শার্শায় চাঁদার টাকা না দেওয়ায় প্রাইভেটকার ভাঙচুর ও চালককে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাগআঁচড়া বাজার প্রাইভেটকার স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী চালক আব্দুল কুদ্দুস (২৩) শার্শা থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি উপজেলার বসতপুর গ্রামের অহেদ বক্সের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাগআঁচড়া বাজারে প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করেন কুদ্দুস। সম্প্রতি বাগআঁচড়া গ্রামের আকবরের ছেলে তারেক ও কলারোয়া উপজেলার চারা বটতলা গ্রামের মোজাম্মেলের ছেলে আলম (৪৫) তার কাছে মাসিক ১০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন।
সোমবার দুপুরে স্ট্যান্ডে গাড়ি দাঁড় করানো অবস্থায় তারেক কুদ্দুসের কাছে চাঁদা দাবি করেন এবং অস্বীকৃতি জানালে অকথ্য ভাষায় গালিগালাজ করে চালককে এলোপাথাড়ি মারধর করেন। এসময় আলম মোটরসাইকেলে এসে গাড়ি আটকে দেন ও গালিগালাজ করেন। পরবর্তীতে তারা ইট দিয়ে গাড়ির সামনের গ্লাস ভেঙে ফেলেন এবং বোনেটে লাফিয়ে ভাঙচুর চালান। এতে কুদ্দুস গুরুতর আহত হন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
ভুক্তভোগী কুদ্দুস জানান, “দীর্ঘদিন ধরে অভিযুক্তরা চাঁদার জন্য চাপ দিয়ে আসছে। তারা এলাকার প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খোলে না। টাকা না দিলে আমাকে খুন বা গুম করে ফেলতে পারে বলে আমি আশঙ্কা করছি।”
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, “এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

