সিরাজগঞ্জ প্রতিনিধি
আশ্বিন মাসেও সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। টানা চার দিন ধরে পানির স্তর বাড়তে থাকায় চরাঞ্চলের শীতকালীন সবজি আবাদ ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছে কৃষকরা। পাশাপাশি কাজিপুর, সদর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলার নদী তীরবর্তী এলাকায় ভাঙন আতঙ্ক বিরাজ করছে।
এদিকে বুধবার (১৭ সেপ্টেম্বর) দিনভর অব্যাহত বৃষ্টিপাতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। ঘরবন্দি হয়ে পড়েছেন সাধারণ মানুষ। আয়-রোজগার কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও শ্রমজীবী পরিবারগুলো।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন জানান, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ২০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১০৫ সেন্টিমিটার নিচে এবং কাজিপুর পয়েন্টে ২১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে।
তিনি আরও জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতের কারণে যমুনার পানি বাড়ছে। আগামী দু-একদিনের মধ্যে পানি আরও বাড়তে পারে। তবে আপাতত বিপৎসীমা অতিক্রমের আশঙ্কা নেই।

