শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট)
গ্রামীণ ঐতিহ্যের এক সময়ের জনপ্রিয় খেলা হা-ডু-ডু এখন অনেকটাই বিলুপ্তির পথে। এক সময় গ্রামে কাঁচা রাস্তায়, মাঠে, বাগানে বা খোলা স্থানে জমজমাট ও উৎসবমুখর পরিবেশে হতো এই হা-ডু-ডু খেলা। কিন্তু কালের আবর্তে সেই খেলা এখন আর দেখা যায় না।
তাই জনপ্রিয় এই খেলাটি টিকিয়ে রাখা এবং নতুন প্রজন্মকে উৎসাহিত করতে চিতলমারীর বড়বাড়িয়া জোনাব আলী ফকির মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো ৮ দলীয় হা-ডু-ডু খেলা।
১৭ সেপ্টেম্বর (বুধবার) সকাল সাড়ে ১১টা থেকে বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের “গোল্ডেন ৯১ ব্যাচ”-এর আয়োজনে এই বর্ণাঢ্য হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নাগরিক জীবনের ব্যস্ততায় হারিয়ে যাওয়া এই ঐতিহ্যবাহী খেলা দেখতে স্কুল মাঠে জড়ো হন কয়েক হাজার দর্শক ও ক্রীড়াপ্রেমী।
টানটান উত্তেজনায় পরিপূর্ণ সমাপনী খেলায় অংশ নেয় ভোলা শাহিন সেভেন সিস্টার একাদশ এবং মোল্লাহাট মাদার চর একাদশ। রাত ৮টায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিজয়ী হয় ভোলা সেভেন সিস্টার একাদশ।
খেলায় বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাফফর শিকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
-
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু
-
সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব ঠান্ডু
-
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক
-
শ্রমিক দলের সভাপতি নিয়ামত আলী খান
খেলাটি পরিচালনা করেন কামরুজ্জামান স্বাধীন ফরকী। সহযোগিতায় ছিলেন ইউপি সদস্য শহিদুল ইসলাম পাপু এবং প্লাবন উকিল।

