যশোর প্রতিনিধি
যশোরে ভারত পাচারের সময় পাঁচটি স্বর্ণবারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে যশোর-খুলনা মহাসড়কের মুড়লি মোড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম আবু বক্কর সিদ্দিকী। তিনি ঢাকার শ্যামপুর গন্ডারিয়া এলাকার সাইজদ্দিনের ছেলে।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই ব্যক্তির কোমর থেকে পাঁচটি স্বর্ণবার জব্দ করা হয়। স্বর্ণের মোট ওজন ৬৯৭ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ১১ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত ব্যক্তি ঢাকা থেকে স্বর্ণগুলো নিয়ে বেনাপোল হয়ে ভারতে পাচারের পরিকল্পনা করছিল।
পরে জব্দকৃত স্বর্ণ ও আটক আসামিকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

