মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের ডাসারে মাইক্রোবাসের ধাক্কায় ইজিবাইকের এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় এক নবজাতকসহ আরও চারজন আহত হয়েছেন। নিহত নারী হলেন নাসিমা বেগম (৬২)। তিনি ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামের ইজু মিয়া শেখের স্ত্রী।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল থেকে মেয়ে লাইজু আক্তারের সিজারিয়ান অপারেশনের সেলাই কেটে নবজাতককে নিয়ে বাড়ি ফিরছিলেন নানী নাসিমা বেগম। পথে কর্ণপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি মাইক্রোবাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান নাসিমা বেগম।
আহতদের মধ্যে রয়েছে সাত দিনের একটি শিশু ও তার মা লাইজু আক্তারসহ আরও দুইজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।
নিহতের জামাতা দুলাল মিয়া বলেন, “বেপরোয়া গতিতে মাইক্রোবাস চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। আমরা চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
মোস্তফাপুর হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। মাইক্রোবাসের চালককে শনাক্ত করতে কাজ চলছে। আইনগত সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।”

