নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের টঙ্গীর বিসিক সাহারা মার্কেট এলাকায় একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ফেমাস কেমিক্যাল নামক গুদামে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেমিক্যাল গুদামের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে অনুসন্ধান শুরু করা হয়। এ সময় হঠাৎ একটি বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি, উত্তরা ফায়ার সার্ভিসের দুটি এবং কুর্মিটোলা ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্য মো. শামীম, নূরুল হুদা, মো. জয় হাসান, পরিদর্শক নাঈম এবং স্থানীয় দোকানদার বাবু আহত হন। আহতদের প্রাথমিকভাবে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হলেও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, কারণ তাদের অবস্থার অবনতি ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন,“ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টা ধরে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন ডাম্পিং কাজ চলছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।”
এই অগ্নিকাণ্ডে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের দোকান ও বাসিন্দারা নিরাপদ স্থানে সরে যান। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

