কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা পলাশ শিকদারের বিরুদ্ধে যুবদল নেতা সোহেল শিকদারকে মারধরের অভিযোগ উঠেছে। আহত সোহেল বর্তমানে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনা ঘটে সোমবার সন্ধ্যায় উপজেলার গোপালপুর গ্রামের শিকদার বাড়ির সামনে। আহত সোহেল শিকদার ওই গ্রামের ইলিয়াস শিকদারের ছেলে এবং পিঞ্জুরী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি। অপরদিকে, পলাশ শিকদার একই গ্রামের মুজাফ্ফর শিকদারের ছেলে ও পিঞ্জুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।
জানাগেছে, রাজনৈতিক বিরোধের জেরে গোপালপুর ব্রিজের পশ্চিম পাশে পলাশ শিকদার ও যুবলীগ নেতা নাজমুল খান সহ লোকজন সোহেল শিকদারের উপর হামলা চালায়। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে স্থানীয় ছাত্রদল নেতা ইমন বখতিয়ার বাবুও আহত হন।
দুই নেতাই গুরুতর আহত অবস্থায় বর্তমানে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন।
অভিযুক্ত সোহেল শিকদার বলেন, “আমি যুবদল করার অপরাধে পলাশ শিকদার ও নাজমুল খান সহ তাদের লোকজন আমাকে মারধর করেছে। যখন ছাত্রদল নেতা ইমন বখতিয়ার আমাকে রক্ষা করতে এগিয়ে আসে, তখন তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়।”
অন্যদিকে, পলাশ শিকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে যুবলীগ নেতা নাজমুল খান জানান, তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন।
কোটালীপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ বলেন, “আমরা শিষ্টাচার মেনে রাজনীতি করতে চাই। প্রতিহিংসার রাজনীতি নয়। তবে আমাদের বিরুদ্ধে কোনো বিরোধিতাকারী থাকলে আমরা রাজনীতির মাধ্যমে তার মোকাবেলা করব।”
কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, মারধরের বিষয়ে এখনো কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

