নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর মহানগরে শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের জন্য ৪৫ লাখ টাকার অনুদান বিতরণ করেছে গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি)। দুর্গাপূজার জন্য ১২১টি পূজা মণ্ডপে প্রতিটিতে ৩০ হাজার টাকা করে মোট ৩৬ লাখ ৬০ হাজার টাকা এবং লক্ষ্মীপূজার জন্য মহানগরের ৫০টি মন্দিরে প্রতিটিতে ১৫ হাজার টাকা করে ৭ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
বুধবার নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার ও জিসিসির প্রশাসক সরফ উদ্দিন আহমেদ নিজ হাতে অঞ্চল-৪-এর ২২টি মণ্ডপে চেক বিতরণ করেন। বাকি অনুদান আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে হস্তান্তর করা হয়।
প্রশাসক বলেন, “গাজীপুর মহানগর হবে সাম্প্রদায়িক সম্প্রীতির নগরী, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলেমিশে বসবাস করবে। পূজা উপলক্ষে এই অনুদান আমাদের সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করবে।”
একইদিন অনুষ্ঠিত হয় জিসিসির বর্তমান মেয়াদের ১১তম মাসিক সভা, যেখানে নগর উন্নয়ন ও চলমান প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। সভায় জানানো হয়, বর্তমানে ১০৩টি প্যাকেজে মোট ১৪৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে, যা নগরীর সড়ক, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা ও জনসেবা খাতে ইতিবাচক প্রভাব ফেলবে।
সভা শেষে প্রশাসক সরফ উদ্দিন আহমেদ পুবাইলের মেঘডুবি-মাজুখান সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন। তিনি বলেন, “সব প্রকল্পই স্বচ্ছ ও টেকসইভাবে বাস্তবায়ন করা হবে, যা জনগণের প্রত্যাশা পূরণে সহায়ক হবে। ডিসেম্বরের মধ্যেই চলমান প্রকল্পগুলোর কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।”
সভায় আরও উপস্থিত ছিলেন জিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল হাসান, সচিব আমিন আল পারভেজ, ডিডিএলজি আহাম্মেদ হোসেন ভূঁইয়া, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুনুর রশিদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

