ফরিদপুর প্রতিনিধি
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু বলেছেন, দেশের একটি উগ্রবাদী গোষ্ঠী রাজনৈতিক পরিচয়ে আগামী জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করার ষড়যন্ত্র করছে। এ গোষ্ঠী ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করছে। যদি তারা ক্ষমতায় আসে, তবে দেশের রাষ্ট্র কাঠামো ও সংবিধান চরম হুমকির মুখে পড়বে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বাখুন্ডা বাজারে বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে মাহবুবুল হাসান পিংকু বলেন, “জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিএনপি যে ৩১ দফা ঘোষণা করেছে, তা বর্তমান সংকট উত্তরণের পথ দেখায়। এই দফাগুলো ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”
বাখুন্ডা ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবলুর সভাপতিত্বে আয়োজিত সভায় বিএনপি ও যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এর আগে মাহবুবুল হাসান পিংকু বাখুন্ডা বাজারের ব্যবসায়ী ও দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং বিএনপির ৩১ দফা কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।

