জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে ৮ম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হলেন মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামের সুজা উদ্দিনের ছেলে এরশাদ উল্যাহ, কাজীর হাট স্লুইসগেট এলাকার নিজাম উদ্দিন ও পালগিরি গ্রামের মো. ইসমাইল হোসেন।
পুলিশ, এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার জানায়, দারোগার হাট আল জামেয়াতুদদ্বীনিয়া আলিম মাদরাসার ৮ম শ্রেণির এক ছাত্রী (১৩) মাদ্রাসায় যাওয়া আসার সময় প্রেমের প্রস্তাবে উত্ত্যাক্ত করে আসছিল পালগিরি গ্রামের বখাটে এরশাদ উল্যাহ (২০)। তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২০ সেপ্টেম্বর সকাল নয়টার দিকে মাদ্রাসায় যাওয়ার সময় ওই ছাত্রীকে এরশাদ উল্যাহর নেতৃত্বে দুর্বৃত্তরা জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।
তিন দিন যাবৎ বিভিন্ন স্থানে আটকে রেখে কিশোরী ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। বুধবার বিকালে চরদরবেশ ইউনিয়নের কাজীর হাট স্লুইসগেট এলাকার এরশাদ উল্যাহর খালার বাড়ি থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয় এবং উল্লেখিত তিনজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দুপুরে ভিক্টিমের ২২ধারা জবানবন্দি ও শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

