নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
কচুয়ার দ্যা মেসেঞ্জার ইসলামিক একাডেমিতে সিরাতুন্নাবি (সঃ) উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া এবং হযরত মুহাম্মদ (সা:) এর জীবনভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি গতকাল সকাল ১০টায় একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন একাডেমির প্রিন্সিপাল মাওলানা মোশারফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহতামিম পদ্ম নগর মাদ্রাসা মুফতি সরদার ইমরান হুসাইন। বিশেষ অতিথি ছিলেন কচুয়া বাজার বনিক সমিতির সেক্রেটারি সরদার সুমন, প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ তুহিন খান, অতিথি মোঃ আমিনুল ইসলাম। এছাড়া অভিভাবকদের পক্ষ থেকে মোঃ জাহিদ শেখ বক্তব্য রাখেন।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “লেখাপড়ায় মনোযোগী হওয়ার পাশাপাশি হযরত মুহাম্মদ (সঃ)-এর আদর্শ ধারণ করে জীবন পরিচালনা করলেই ইহকাল ও পরকাল শান্তিময় ও সুখী হবে।” পরিশেষে দরুদ পাঠ ও মোনাজাতের মাধ্যমে সবার মঙ্গল কামনা করা হয়।
আলোচনা সভা ও মিলাদ মাহফিলের পরে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন। শিক্ষার্থীরা এ ধরনের আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেছে।

