কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের কালাইয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের বৈরাগীহাট সানসাইন কিন্ডারগার্টেন অ্যান্ড উচ্চ বিদ্যালয় চত্বরে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
অন্ধেরী হিলফী বন জার্মানী নামক একটি সংগঠনের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি নেতা এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।
সকাল থেকেই চিকিৎসা নিতে ভিড় করেন অসংখ্য মানুষ। দুপুর পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক রোগী রেজিস্ট্রেশন করেন। চক্ষু বিশেষজ্ঞসহ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন এবং প্রত্যেককে চশমা ও ওষুধ সরবরাহ করা হয়। এছাড়া ছানি পড়া রোগীদের শনাক্ত করে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়।
এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেন, “৪ জন চক্ষু বিশেষজ্ঞসহ চিকিৎসক দল রোগীদের সেবা দিয়েছেন। প্রত্যেককে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে। ছানি পড়া রোগীদের পরবর্তীতে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করা হবে। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

