মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলায় শনিবার দুপুর ২টা ২৭ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৫।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মনিরামপুরেই। তবে স্বল্প মাত্রার হওয়ায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
হঠাৎ কম্পন টের পেয়ে স্থানীয়দের মধ্যে মুহূর্তের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। মনিরামপুরের পার্শ্ববর্তী সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার বাসিন্দা এবং শিশু নিলয় ফাউন্ডেশনের ফিনান্স অফিসার বায়জিদ হোসেন তার অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, “আমি তখন অফিসে ছিলাম। হঠাৎ মনে হলো চেয়ার থেকে পড়ে যাচ্ছি। প্রথমে ভেবেছিলাম মাথা ঘুরছে, পরে বুঝলাম ভূমিকম্প হয়েছে।”
২০২৫ সালের সেপ্টেম্বর মাসে এটি ছিল বাংলাদেশে অনুভূত তৃতীয় ভূমিকম্প। এর আগে ১৪ সেপ্টেম্বর ভারতের আসামে ৫.৮ মাত্রার ভূমিকম্পের প্রভাব বাংলাদেশের উত্তরাঞ্চলেও অনুভূত হয়। আর ২১ সেপ্টেম্বর সুনামগঞ্জের ছাতকে ৪ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।

