বেনাপোল প্রতিনিধি
শার্শার উলাশী ইউনিয়নের রামপুর প্রাইমারি স্কুল মাঠে শুক্রবার বিকেল ৪টায় অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে জামতলা ফুটবল একাদশ। “ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল” স্লোগানে অনুষ্ঠিত খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
ফাইনালে জামতলা একাদশ নাভারণ ফুটবল একাদশকে টাইব্রেকারে হারিয়ে জয়ী হয়। ম্যাচটি মূল সময়ে গোলশূন্য ড্র হওয়ার কারণে টাইব্রেকারের মাধ্যমে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হয়। বিজয়ী জামতলা একাদশকে প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ এবং রানার্সআপ নাভারণ একাদশকে একটি খাসি ছাগল প্রদান করা হয়।
খেলা উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান। সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহীদুল ইসলাম শহীদ। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয় এবং অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ডাঃ কাজী নাজিব হাসান বলেন, “মাদক শুধু একজনকেই নয়, পুরো পরিবারকে ধ্বংস করে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকের থেকে রক্ষা করা সম্ভব।” আয়োজনক কমিটির সভাপতি আলহাজ্ব শহীদুল ইসলাম শহীদ যোগ করেন, “এই টুর্নামেন্টের মাধ্যমে যুব সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করা এবং মাদক থেকে দূরে রাখা উদ্দেশ্য।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

