যশোর প্রতিনিধি
রাত পোহালেই যশোর জেলায় শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে। এই বছর জেলা জুড়ে মোট ৭০৮টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে, যা গতবারের তুলনায় ৫২টি বেশি।
জেলা পূজা উদযাপন পরিষদের সংবাদ সম্মেলনে জেলা সাধারণ সম্পাদক তপন ঘোষ জানান, যশোর জেলার আটটি উপজেলায় মণ্ডপের সংখ্যা নিম্নরূপ: শার্শা ২৯, ঝিকরগাছা ৫৪, চৌগাছা ৪৮, যশোর সদর ১৬৫, বাঘারপাড়া ৯১, মনিরামপুর ৯৭, অভয়নগর ১২৬, এবং কেশবপুর ৮৮।
দুর্গাপূজা নির্বিঘ্ন ও নিরাপদে সম্পন্ন করতে প্রতিটি মণ্ডপে সুরক্ষা কমিটি গঠন, নারী-পুরুষ আলাদা আগমন ও নির্গমন পথ, সিসি ক্যামেরা স্থাপন, পালাক্রমে স্বেচ্ছাসেবীর পাহারা এবং বিকল্প আলো ব্যবস্থার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ডিআইজি খুলনা রেঞ্জ এবং পূজা উদযাপন পরিষদ যৌথভাবে নিরাপত্তা তত্ত্বাবধান করবে।
সংবাদ সম্মেলনে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, সহ-সভাপতি দুলাল সমাদ্দার, যুগ্ম-সাধারণ সম্পাদক রতন আচার্য্য, দপ্তর সম্পাদক অজয় সিংহ রায়, আইন সম্পাদক অ্যাডভোকেট চিরন্তন মল্রিক ও পৌর শাখার সাধারণ সম্পাদক উৎপল কুমার ঘোষ উপস্থিত ছিলেন।
২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গাপূজা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সাড়ম্বরে এবং নিরাপত্তার মধ্যে উদযাপিত হবে।

