Nabadhara
ঢাকারবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে জরাজীর্ণ স্কুল মাঠ, খেলাধুলা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা

কালাই(জয়পুরহাট) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

কালাই(জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হারুন্জা নমিজন আফতাবী উচ্চ বিদ্যালয়ের মাঠটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। মাঠটি নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে, ফলে কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলা তো দূরের কথা, স্বাভাবিক চলাচলও কষ্টকর হয়ে ওঠে।

বিদ্যালয়ে বর্তমানে ৩০০ থেকে ৪০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। অথচ, খেলাধুলার মতো শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ একটি উপাদান থেকে তারা বঞ্চিত। শুধু শিক্ষার্থীরাই নয়, এলাকার যুবকরাও এই মাঠের উপর নির্ভরশীল। এটি হারুঞ্জা ইউনিয়নের বাইশটি গ্রামের একমাত্র খেলার মাঠ। মাঠটির বেহাল অবস্থায় উদ্বিগ্ন এলাকাবাসী নিজেরা কিছু সংস্কারমূলক কাজ শুরু করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

এই অবস্থার পরিপ্রেক্ষিতে গত ৩১ আগস্ট স্থানীয় শিক্ষার্থীরা কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর মাঠ সংস্কারের জন্য সরকারি বরাদ্দ চেয়ে লিখিত আবেদন জমা দেয়। আবেদনপত্রে উল্লেখ করা হয়, খেলাধুলা থেকে বঞ্চিত যুব সমাজ মাদকাসক্তি ও অপরাধের দিকে ঝুঁকছে। মাঠটি সংস্কার হলে শিক্ষার্থী ও তরুণরা সুস্থ বিনোদনের সুযোগ পাবে এবং গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকবে।

বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আরিফুল ইসলাম বলেন, “প্রতিদিন ক্লাস শেষে খেলতে চাই, কিন্তু মাঠের অবস্থার কারণে পারি না।” অষ্টম শ্রেণির ছাত্রী সাবিহা আক্তার জানান, “পড়াশোনার পাশাপাশি যদি খেলাধুলার সুযোগ থাকতো, তাহলে মনটা আরও ভালো থাকত।”

স্থানীয় যুবক সাকিব আল হাসান বলেন, “মাঠটি ঠিক থাকলে আমরা নিয়মিত খেলাধুলা করতে পারতাম। এখন অলস সময় পার করছি, কেউ কেউ খারাপ সঙ্গেও জড়িয়ে পড়ছে।”

এলাকার প্রবীণ শহিদুল ইসলাম ও তোফাজ্জল হোসেন জানান, তাদের শৈশবের খেলার স্মৃতি এই মাঠকে ঘিরেই। তারা দুঃখ প্রকাশ করে বলেন, মাঠটি অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে, যা নতুন প্রজন্মের জন্য হতাশাজনক।

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, বিদ্যালয়টি বহুদিন ধরে বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত। মাঠের পাশাপাশি বিদ্যালয়ের যাতায়াত সড়কটিও সংস্কার প্রয়োজন। বিষয়টি ইউনিয়ন পরিষদে উপস্থাপন করা হবে বলে জানান তিনি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, “মাঠটি শুধুমাত্র বিদ্যালয়ের জন্য নয়, পুরো এলাকার জন্যই একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। সংস্কার হলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে।”

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান জানান, “মাঠ সংস্কারের জন্য একটি লিখিত আবেদন পেয়েছি। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।