ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর থেকে বিশ্বরোড মোড় হয়ে বেড়তলা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটারজুড়ে দিনভর তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী, চালক ও সাধারণ মানুষ।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে মহাসড়কের বিভিন্ন অংশে বিশেষ করে বিশ্বরোড গোলচত্বর এলাকায় যানজটের ভয়াবহ রূপ দেখা যায়। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এই সড়কে একই অবস্থা বিরাজ করে বলে অভিযোগ করছেন স্থানীয়রা।
সরেজমিন ঘুরে দেখা গেছে, মহাসড়কের বিভিন্ন অংশ বিশেষ করে বিশ্বরোড মোড়ের চারপাশে বড় বড় গর্ত ও খানাখন্দে ভরে গেছে। কার্পেটিং উঠে গিয়ে সড়ক চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। এসব গর্তে যানবাহন আটকে গিয়ে দীর্ঘ সময় থেমে থাকায় সৃষ্টি হচ্ছে যানজট। অনেক চালক ধৈর্য হারিয়ে লাইনের শৃঙ্খলা ভেঙে ফেলায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, এ সড়কে প্রতিনিয়ত এমন অবস্থা বিরাজ করছে। রোগী, শিক্ষার্থী, কর্মজীবীসহ সাধারণ মানুষকে প্রতিদিনই তীব্র ভোগান্তির মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে।
যানজট নিরসনে হাইওয়ে পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করছে বলে জানান খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন,
“বিশ্বরোড গোলচত্বরের চারপাশের সড়কের কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। মাঝে মাঝে এসব গর্তে গাড়ি আটকে যায়, ফলে যান চলাচল ব্যাহত হয়। আমাদের পুলিশ সদস্যরা বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছে। গোলচত্বর এলাকার সড়ক মেরামত করা হলে পরিস্থিতির উন্নতি হবে।”

