কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন হাট-বাজারে আখ বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন কৃষকরা। বাজারে আখের চাহিদা থাকলেও দাম নিয়ে চলছে টানাপোড়েন।
আখ বিক্রেতা কৃষক নবীর সাদ্দার বলেন, আমরা পরিশ্রম করে আখ ফলাই। এবার ফলন ভালো হয়েছে। কিন্তু পাইকাররা দাম কমাতে চাইছে, এতে আমরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছি।
অন্য কৃষক ইমরান হোসেন জানান, আখ বিক্রি করে সংসার চলে। তবে উৎপাদন খরচের তুলনায় লাভ খুব বেশি হচ্ছে না। সরকার যদি দাম নিয়ন্ত্রণে রাখে তাহলে কৃষকরা আরও উৎসাহিত হবে।
অন্যদিকে ক্রেতা মফিদুল ইসলাম অভিযোগ করে বলেন, “বাজারে আখের দাম অনেক বেশি। আগে যে আখ ৫০-৬০ টাকায় পাওয়া যেত, এখন সেটা ৮০-৯০ টাকায় নিচ্ছে।”
ক্রেতা ওবায়দুর রহমানের অভিমত, “আখের মান ভালো হলেও দামের কারণে সাধারণ মানুষ তেমন কিনতে পারছে না। দাম নিয়ন্ত্রণে আনা দরকার।”
উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা বলেন, এবার আলফাডাঙ্গায় আখের ভালো ফলন হয়েছে। কৃষকরা লাভবান হচ্ছেন। তবে বাজার নিয়ন্ত্রণে রাখতে আমরা নিয়মিত পর্যবেক্ষণ করছি। আখ একটি সম্ভাবনাময় অর্থকরী ফসল। এর চাষ আরও বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করা হবে।
স্থানীয় বাজার ঘুরে দেখা গেছে, ক্রেতা-বিক্রেতা উভয়ের মাঝেই আখ নিয়ে টানাপোড়েন থাকলেও আখের স্বাদে জমে উঠেছে হাট-বাজার। কৃষকদের মুখে হাসি ফোটালেও ক্রেতারা এখনো সাশ্রয়ী দামের আশায়।

