সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে নির্মাণের মাত্র এক মাসের মাথায় সেতুর সংযোগ সড়ক ধসে পড়েছে। এতে উপজেলার চার ইউনিয়নের অন্তত ১৪টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
জানা গেছে, কৈজুরী-পাঁচিল বাজার আঞ্চলিক সড়কের জয়পুরা ঈদগাহ মাঠসংলগ্ন খালের ওপর দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ১ কোটি ৬ লাখ টাকায় ১৫ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ করা হয়। এরপর ২০২৪-২৫ অর্থবছরে কাবিটা প্রকল্পের আওতায় ৬ লাখ ৩০ হাজার টাকায় সংযোগ সড়ক ও সিসিকরণ করা হয়। কিন্তু নির্মাণের এক মাস না যেতেই সংযোগ সড়ক ভেঙে যায়।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম হয়েছে। পুরোনো ইট, নিম্নমানের বালু ব্যবহার করা হয়েছে। কোনো রড ব্যবহার না করে দায়সারা গাইড ওয়াল নির্মাণ ও বালু দিয়ে ভরাট করা হয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই সড়কটি ধসে পড়ে। এতে ভ্যান-রিকশা চলাচল বন্ধ হয়ে পড়েছে, ধান-চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পরিবহন এবং শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত ব্যাহত হচ্ছে।
স্থানীয় নারী-পুরুষদের অভিযোগ, সেতুটি নির্মাণের সময় সিডিউল অনুযায়ী পাইলিং করা হয়নি। ৫০ ফুটের পরিবর্তে ২০ ফুট পাইলিং দেওয়া হয়েছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে সড়ক ভেঙে গেছে। তারা অবিলম্বে সংস্কারের জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে প্রকল্পের সভাপতি ও কৈজুরী ইউনিয়নের ওয়ার্ড সদস্য শাজাহান আলী বলেন, “যে বরাদ্দ পেয়েছি তার ভিত্তিতেই কাজ করেছি। বৃষ্টির কারণে সড়ক ভেঙেছে। আবার বরাদ্দ পেলে মেরামত করা হবে।”
শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল কালাম আজাদ বলেন, “ব্রিজটি আমার আমলে করা হয়নি। আগের পিআইও করেছেন। তবে বৃষ্টির কারণে সংযোগ সড়ক ভেঙে গেছে। সংস্কার করা হবে।”
উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন, “সেতুটি সিডিউল অনুযায়ী নির্মাণ করা হয়েছে। ভারী বৃষ্টিতে নিচ থেকে মাটি সরে গিয়ে সড়ক ভেঙেছে। দ্রুতই সংস্কার করা হবে।”

