আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির উদ্বোধন হয়।
এরপর এক বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দিবস উপলক্ষে উপজেলা পরিষদ হল মিলনায়তনে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম. রায়হানুর রহমান, গ্রামবাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায়ী সমিতি লিমিটেডের চেয়ারম্যান রেজওয়ান আহমেদ ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ডাবলু। সভার সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।
সভায় বক্তারা সমবায়ের গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথি রাসেল ইকবাল বলেন, “সমবায়ের মূল শক্তি হলো ঐক্য। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায় সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” বিশেষ অতিথি এ.কে.এম. রায়হানুর রহমান বলেন, “সমবায় শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, এটি সামাজিক সম্প্রীতি ও সহযোগিতার প্রতীক।”
গ্রামবাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায়ী সমিতি লিমিটেডের চেয়ারম্যান রেজওয়ান আহমেদ জানান, “সমবায় মানুষের সম্মিলিত প্রচেষ্টা, যা গ্রামের ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায়িক স্থিতিশীলতা নিশ্চিত করে।” অনুষ্ঠানের শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের সম্মাননা প্রদান করা হয়।

