বগুড়া প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী বগুড়া সদরের শেখেরকোলা তেলিহারা গ্রামের মো. মেহেদী হাসানকে আর্থিক অনুদান প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস।
বৃহস্পতিবার টিএমএসএস ফাউন্ডেশন অফিসে অনুষ্ঠিত ম্যানেজমেন্ট কোঅর্ডিনেশন মিটিংয়ে (এমসিএম) বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল ওয়াজেদ আহত জুলাই যোদ্ধা মেহেদী হাসানের হাতে অনুদানের চেক তুলে দেন।
সরকারি গেজেট অনুযায়ী মেহেদী হাসান “ক” শ্রেণীর জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। একই সঙ্গে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ এবং পুনর্বাসন কমিটির জেলা পর্যায়ে সদস্য হিসেবে তাকে মনোনীত করা হয়েছে। আন্দোলনের সময় বাম চোখ ও মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। প্রথমে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও ইস্পাহানী ইসলামী আই ইনস্টিটিউটে চিকিৎসা নেন এবং পরে ভারতের হায়দ্রাবাদে উন্নত চিকিৎসা গ্রহণ করেন। এখনও তার চিকিৎসা চলমান রয়েছে।
টিএমএসএস জানায়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আহত জুলাই যোদ্ধার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
অনুদান প্রদান অনুষ্ঠানে টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

