রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনায় শিউলী বেগম (৪০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ ডিসেম্বর) প্রায় রাত ১২টার দিকে নগরীর সদর থানার ৮৪/৫ ট্যাংক রোডের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মা–ছেলে একসঙ্গে ওই বাসায় থাকতেন। ঘটনার সময় বাইরে থেকে তালা দেওয়া ছিল। পরবর্তীতে পুলিশ তালা ভেঙে ঘরে প্রবেশ করলে বিছানায় গৃহবধূর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। তবে তার ছেলেকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
ঘটনার পরপরই বিষয়টি রহস্যজনক দাবি করে পুলিশ সিআইডিকে ঘটনাস্থলে তলব করে।
খুলনা থানার ওসি (তদন্ত) শাহাজাহান আহমেদ বলেন,
“ঘটনার প্রকৃতি অত্যন্ত সন্দেহজনক। ছেলের উপস্থিতি পাওয়া যায়নি। কীভাবে নিহত হয়েছেন, তা জানতে সিআইডির ক্রাইমসিন ইউনিটকে ডাকা হয়েছে। তারা আসার পর লাশের সুরতহাল ও আলামত সংগ্রহ করা হবে।”
স্থানীয়দের দাবি, শিউলী বেগমের মৃত্যু রহস্যে ঘেরা। তাদের মতে, সঠিক তদন্ত হলে মামলার আসল কারণ বেরিয়ে আসবে।
রাত পৌনে ১টা পর্যন্ত সিআইডি দলের ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় স্থানীয়দের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়।
পুলিশ বলছে, গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে মা–ছেলের সম্পর্ক, পারিবারিক পরিস্থিতি এবং সম্ভাব্য বিরোধসহ সব দিক খতিয়ে দেখা হবে। ঘটনার রহস্য উদঘাটনে ইতোমধ্যে পৃথক তদন্ত চলছে।

