মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে কাভার্ডভ্যানের চাপায় ঠাকুর (৫৫) নামে এক ইটভাটা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মধুমতি নদীর ওপর অবস্থিত আবুল খায়ের সেতুর মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত ঠাকুরের বাড়ি উপজেলার গিরিশনগর গ্রামে।
প্রত্যক্ষদর্শী ভ্যানচালকদের বরাতে স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ভোরে ঠাকুর বাইসাইকেল ঠেলে কর্মস্থলের উদ্দেশে সেতুর উঠছিলেন। এ সময় গোপালগঞ্জ দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান হঠাৎ নিজের লেন ছেড়ে বিপরীত লেনে উঠে তাকে চাপা দেয়। দুর্ঘটনার পরপরই চালক দ্রুতগতিতে খুলনার দিকে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, চালক সম্ভবত ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। চাপা দেওয়ার পর হঠাৎ হুশ ফিরে পেয়ে দ্রুত স্থান ত্যাগ করেন তিনি। ঘটনাস্থলেই ঠাকুরের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, ঠাকুর দীর্ঘদিন ধরে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো আজও কাজে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে প্রাণ হারালেন তিনি। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, “ঘটনাটি শুনেছি, তবে এখনো ঘাতক গাড়ির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। শনাক্তের চেষ্টা চলছে।”

