রুয়েট প্রতিনিধি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে অবস্থিত ‘বাংলা টিফিন’ ক্যান্টিনে রান্না করা খিচুড়িতে অতিরিক্ত লবণ মেশানোর সময় এক বাবুর্চিকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাক নামের ওই বাবুর্চি প্রস্তুতকৃত খিচুড়িতে অতিরিক্ত লবণ মেশানোর সময় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েন। বিষয়টি নজরে আসার পর ক্যান্টিন কর্তৃপক্ষ তাকে তাৎক্ষণিকভাবে আটক করে।
পরে জিজ্ঞাসাবাদে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
মতিহার থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই জাকারিয়া জানান, “অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
‘বাংলা টিফিন’ ক্যান্টিনের কর্ণধার মোর্শেদ বলেন, “আমরা দীর্ঘদিন ধরে কাজলা শাখায় সুনামের সঙ্গে সেবা দিয়ে আসছি। তবে রুয়েট শাখায় খাবারের মান নিয়ে কিছু অভিযোগ ছিল। নজরদারি বাড়ানোর পর এই ঘটনা ধরা পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আমাদের সুনাম ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে এ কাজটি করা হয়েছে।”
খোঁজ নিয়ে জানা গেছে, আটক আব্দুর রাজ্জাক রুয়েট সংলগ্ন একটি রেস্তোরাঁর শেয়ারহোল্ডার। এ ঘটনায় তৃতীয় কোনো পক্ষ জড়িত থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, রুয়েটে ‘বাংলা টিফিন’ ক্যান্টিন চালুর পর থেকেই স্বাস্থ্যবিধি ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন অভিযোগ উঠছিল। ঘটনাটি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

