Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অপ্রতিম হত্যার বিচার দ্রুত শেষ করার দাবিতে কুবিতে মানববন্ধন

কুবি প্রতিনিধি
অক্টোবর ১৩, ২০২৬ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে মানববন্ধন করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় অভিযুক্তদের প্রকৃত বয়স নির্ধারণ, অপরাধীদের আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে বাংলা বিভাগের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলা ভাষা-সাহিত্য পরিষদের সহসভাপতি সাইফুল মালেক আকাশের সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. গোলাম মাওলাসহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘বিচারের নামে প্রহসন, মানি না মানবো না’, ‘বিচার বিচার বিচার চাই, অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘অপ্রতিমের রক্ত, বৃথা যেতে দেবো না’ এবং ‘খুনির কোনো ছাড় নাই, ফাঁসি ছাড়া নিস্তার নাই’সহ বিভিন্ন স্লোগান দেন। তাঁরা বলেন, হত্যাকাণ্ডের বিচার নিয়ে কোনো ধরনের প্রহসন মেনে নেওয়া হবে না। বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।

মানববন্ধনে বাংলা বিভাগের ১৮তম আবর্তনের শিক্ষার্থী মোসাব আহমেদ সোহাগ বলেন, “আজ থেকে প্রায় এক মাস আগে অপ্রতিমকে হত্যা করা হয়। এরপরও বিচারের দাবিতে আমাদের মানববন্ধন করতে হচ্ছে, যা আসলে লজ্জাজনক। এক মাস পেরিয়ে গেলেও বিচার বিভাগ দ্বিচারিতা করছে। তারা আমাদের সামনে কিছুই প্রকাশ করতে চাচ্ছে না। অভিযুক্তদের কিশোর প্রমাণ করার চেষ্টা চলছে। আমরা চাই, বায়োলজিক্যাল টেস্টের মাধ্যমে প্রকৃত বয়স নির্ধারণ করে অভিযুক্তদের বিচারের আওতায় আনা হোক।”

বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী শানীন অশ্রু বলেন, “অভিযুক্তরা ১৮ বছরের নিচে হলেও প্রচলিত আইন পরিবর্তন করে শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা চাই, এই হত্যাকাণ্ডের কোনো অপরাধী যেন আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে না যায়। অপরাধীরা শাস্তি না পেলে ভবিষ্যতে আরও বড় অপরাধে জড়ানোর সাহস পাবে।”

কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী বলেন, “যেখানে আমরা আজ মানববন্ধন করছি, সেখানে অপ্রতিমের বাবাকে আদালতে ঘুরতে হচ্ছে। যত দিন এই বিচার নিষ্পত্তি না হবে, যত দিন আমরা অপ্রতিম হত্যার বিচার না পাব, তত দিন আমরা রাস্তায় দাঁড়াব। রাষ্ট্রের কর্ণধারদের দৃষ্টি আকর্ষণে শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি অব্যাহত রাখব। অপ্রতিম হত্যার ব্যাপারে কোনো প্রহসনমূলক বিচার আমরা মানব না। অপ্রতিমের হত্যাকারীদের সংশোধনাগারে পাঠিয়ে বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা আমরা মেনে নেব না।”

তিনি আরও বলেন, “বাংলা বিভাগ পরিবার প্রথম থেকেই এ বিষয়ে সোচ্চার রয়েছে। যত দিন পর্যন্ত অপ্রতিম হত্যার বিচার না হবে, তত দিন আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়ে যাব।”

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. গোলাম মাওলা বলেন, “বাংলাদেশের বিচারব্যবস্থা নানাভাবে প্রশ্নবিদ্ধ। আমাদের সন্তানেরা মারা যাচ্ছে, কিন্তু আমরা এর যথার্থ বিচার পাচ্ছি না। একটি সুষ্ঠু সমাজ নির্মাণ করতে হলে বিচারপ্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। আইনশৃঙ্খলার এমন অবনতি আমরা চাই না।”

তিনি আরও বলেন, “আমরা প্রশাসনের কাছে জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনী ও বিচারব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা যেন অপরাধীদের আইনের ফাঁকফোকর কিংবা বয়সের অজুহাতে বিচার থেকে রেহাই না দেন, সেই দাবি জানাই।”

মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীরা অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তদের প্রকৃত বয়স নির্ধারণ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে বিচার শেষ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তাঁরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।