ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বান্দাইখাড়া ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেল ৩টায় কলেজ চত্বরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় বড় শিমলা মহিলা কলেজ, চকশিমলা দাখিল মাদ্রাসা ও চকশিমলা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অতিথিদের স্বাগত জানান।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মামুনূর রশীদ সিদ্দীকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং আজকের তরুণরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যেই সীমাবদ্ধ না থেকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত হতে হবে।”
তিনি আরও বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মনন ও সৃজনশীলতার বিকাশ ঘটায় এবং তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। বর্তমান সরকার মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
স্বাগত বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মামুনূর রশীদ সিদ্দীক বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এ আয়োজন নতুন প্রাণের সঞ্চার করেছে। তিনি কলেজের একাডেমিক ভবন নির্মাণ, লাইব্রেরি সমৃদ্ধকরণসহ অসমাপ্ত উন্নয়ন কাজ দ্রুত সম্পন্নে সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) আত্রাই মো. নূরে আলম সিদ্দিক, আত্রাই থানার ওসি মো. আব্দুল করিম, সহকারী কমিশনার (ভূমি) রাণীনগর নাবিলা ইয়ামিন, কলেজের সভাপতি মো. আবু মাসুমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গান, কবিতা আবৃত্তি ও নৃত্যের বর্ণিল আয়োজন উপস্থিত শিক্ষক, অভিভাবক ও দর্শনার্থীদের মুগ্ধ করে। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

