শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
খাল খনন মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক একটি প্রকল্প। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য নিয়ে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
মঙ্গলবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দুটি খাল খনন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষকরা তাদের জমিতে সেচের জন্য পর্যাপ্ত পানি পাবে। পাট মৌসুমে খালের পানিতে পাট জাগ দিতে পারবে। এছাড়াও মাছ চাষসহ বিভিন্নভাবে খালের পানি স্থানীয় মানুষের উপকারে আসবে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজবাড়ীতে পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্পটি বুধবার (১৩ মে) একনেক সভার কার্যতালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, একনেকে প্রকল্পটি অনুমোদন পাবে। পাশাপাশি দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের মেগা প্রকল্পটিও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।
তিনি আরও বলেন, “উভয় প্রকল্প বাস্তবায়ন হলে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী ও জলাশয়ে সারা বছর পানি থাকবে। এতে এ অঞ্চলের আর্থ-সামাজিক, কৃষি, শিল্প ও যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন সাধিত হবে।”
গোয়ালন্দ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, উদ্বোধন হওয়া খাল দুটির একটি উজানচর ইউনিয়নের গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিশ্বনাথ পাড়া বেড়িবাঁধ অভিমুখী। খালটির দৈর্ঘ্য ১ দশমিক ৬৮০ কিলোমিটার এবং খনন ব্যয় ধরা হয়েছে ২১ লাখ ৬৭ হাজার ১৭২ টাকা।
অপর খালটি উজানচর হাবিল মন্ডল পাড়া কালামের বাড়ি থেকে ফৈজদ্দিন মাতব্বর পাড়া সলিম মাতুব্বরের বাড়ি পর্যন্ত। ০ দশমিক ৯৩০ কিলোমিটার দৈর্ঘ্যের এ খালটির খনন ব্যয় ধরা হয়েছে ২৭ লাখ ৭ হাজার ৮৯০ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনছারী, উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
খাল খনন কাজের উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী খালের আশপাশে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

