টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শ্রমিকের মূল্য বেশি হওয়ায় নিজ জমির ধান কাটতে পারছিলেন না তিন কন্যা সন্তানের জননী ও বিধবা নারী নমিতা বিশ্বাস (৫০)।
পরে খবর পেয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিয়েছেন গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।
বুধবার সকাল ৬ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত উপজেলার গোপালপুর ইউনিয়নের গুয়াদানা গ্রামের বিধবা নারী নমিতা বিশ্বাসের ২ বিঘা জমির ধান কেটে দেন তিনি।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোক্তার মোল্লা, খালিদ বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, পাটগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু শেখ, গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিপক চন্দ্র মন্ডল, উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জসিম শেখ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিধবা নারী নমিতা বিশ্বাস বলেন, আমার তিন কন্যা সন্তান আর স্বামীও মারা গেছে। বর্তমানে শ্রমিকের মূল্য ১২০০ টাকা হওয়ায় আমার জমির ধান কাটতে পারছিলাম না। আর বৃষ্টির কারনে ধান জমিতে নষ্ট হওয়ার উপক্রম হয়েছিলো। পরে এমপি এসএম জিলানী খবর পেয়ে তার লোকজন নিয়ে আমার জমির ধান কেটে দিয়েছে। এতে আমার অনেক উপকার হয়েছে।
এমপি এসএম জিলানী বলেন, চলতি মৌসুমে ধান কাটার শ্রমিক পাওয়া কষ্টসাধ্য। অনেক মানুষ টাকা দিয়ে ধান কাটার শ্রমিক পাচ্ছে না। সেই জন্য দল থেকে উদ্যোগ নেয়া হয়েছে যে গরীব অসহায় মানুষগুলো ধান কাটতে পারছে না, তাদের ধান কেটে বাড়িতে উঠিয়ে দিলে তারা কিছুটা হলেও উপকৃত হবে। তাই এই ধান কাটা মৌসুমে আগামী এক সপ্তাহ দলীয় নেতাকর্মী মানুষের ধান কেটে ঘরে উঠিয়ে দেবে। বিএনপি সব কৃষক ও দেশের মানুষের পাশে দাঁড়াবে।

