মোঃ রুহুল আমিন রাজু,মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জামালপুর জেলার মেলান্দহ উপজেলা এর নাংলা ইউনিয়ন এ মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে ৪নং নাংলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নাংলা ইউনিয়ন পরিষদের কয়েকবারের সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা।
সভায় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নাংলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব বজলুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নাংলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন,মেলান্দহ থানার এসআই তারিকুল ইসলাম হিমন, নাংলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজু, নাংলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ বায়েজিদসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় বক্তারা চুরি, মাদক, জুয়া, বাল্যবিবাহ, যৌতুক, গরু চুরি, ডিজিটাল অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করেন। তারা বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূলে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসন ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা বলেন, সামাজিক ব্যাধি ও অপরাধ দমনে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সকল স্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
সভায় ইউনিয়নের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত জনসচেতনতা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

