নওগাঁ প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহত তিনজনের মধ্যে দুই কৃষক ফসলের মাঠে ধান কাটতে গিয়ে ও এক যুবক মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার পারইল গ্রামের জ্যাঠা মাঠে ও গুয়াতা আটনিতাপাড়া গ্রামের মাঠে এই মৃত্যুর ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, উপজেলার পারইল ফকিরপাড়া গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৫৮) ও আমিনুরের ছেলে তারেক ফকির (২৪) এবং গুয়াতা আটনিতাপাড়া গ্রামের হাশেম তালুকদারের ছেলে নয়ন তালুকদার (২৬)। কৃষক আক্কাস ফকির ও তারেক ফকির সম্পর্কে দুইজন দাদা-নাতী। বজ্রপাতে তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার পারইল গ্রামের জ্যাঠা মাঠে ওই গ্রামের এক ব্যক্তির জমিতে আক্কাস ফকির ও তারেক ফকির শ্রমিক হিসেবে ধান কাটার কাজ করছিলেন। ধান কাটার সময় দুপুরের দিকে বৃষ্টির সাথে বজ্রপাত হলে সেখানেই তাদের দুইজনের মৃত্যু হয়। অপরদিকে বৃষ্টি পড়ার সময় গুয়াতা আটনিতা পাড়া গ্রামের যুবক নয়ন তাকুলদার মাঠ থেকে গরু আনতে যান। এরপর থেকে সে আর বাড়ি ফিরেনি। বিকেলে স্থানীয় লোকজন মাঠে গিয়ে দেখতে পান বজ্রপাতে যুবক নয়ন তাকুলদার মারা গেছেন।
বিষয়টি নিশ্চিত করে রাণীনগর থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

