বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষকদের দাবি-দাওয়া মেনে না নেওয়ায় রোববার থেকে সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। রবিবার দুপুরে শিক্ষক সমিতির সভাপতি ড. সালেহ আহমেদ ও সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা মুক্তা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ সেপ্টেম্বর শিক্ষক সমিতি একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল যে, ২৯ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি শিক্ষক স্বার্থ সংশ্লিষ্ট দাবিসমূহ মেনে না নেয়, তবে ১ অক্টোবর থেকে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। শিক্ষক সমিতিকে এখনও অফিসিয়ালি যথাযথ কর্তৃপক্ষ কোন তথ্য জানায়নি। কিন্তু নানান সূত্রমতে জানতে পেরেছে যে, শিক্ষক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তেমন কোন সুষ্ঠু সমাধান হয়নি। এমতাবস্থায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আগামী ১ অক্টোবর থেকে বশেমুরবিপ্রবির সব শিক্ষককে সব ধরনের একাডেমিক কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকার জন্য বলা হলো। শিক্ষকদের কর্মবিরতির সিদ্ধান্তে শিক্ষার্থীরা উদ্বিগ্ন।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেঘলা বলেন, করোনা মহামারির কারণে ইতোমধ্যেই আমরা সেশনজটে পড়েছি। শিক্ষকদের কর্মবিরতির ফলে আমাদের পড়াশোনার ক্ষতির পরিমাণ আরো বাড়তেই থাকবে।
ট্যুরিজম বিভাগের মইন বলেন, আমরা শিক্ষকদের দাবি সমর্থন করি। তবে তাদের কর্মবিরতি শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি করবে। আমরা শিক্ষকদের সাথে আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু সমাধানের আশা করি।

