ফরিদপুর প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-২ (নগরকান্দা–সালথা) আসনে ধানের শীষের পক্ষে রাজনৈতিক মাঠ আরও সরগরম হয়ে উঠেছে। বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকুর সমর্থনে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
রবিবার(১ ফেব্রুয়ারি )বিকেলে নগরকান্দা উপজেলা সদর মডেল মসজিদের পাশে নগরকান্দা ও সালথা উপজেলা জমিয়তের উদ্যোগে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল নগরকান্দা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ধানের শীষের পক্ষে জনমত গঠনে অংশ নেয়।
সমাবেশের প্রধান আকর্ষণ ছিলেন ফরিদপুর-২ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী ও জামিয়া ইসলামিয়া লালমাটিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমী। তিনি ২০ দলীয় জোটের ঐক্য সুসংহত রাখতে এবং বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকুকে বিজয়ী করার লক্ষ্যে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে ধানের শীষের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন। তাঁর এই ঘোষণায় সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং আলেম-উলামাদের মর্যাদা রক্ষায় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। তারা নগরকান্দা ও সালথা উপজেলার ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
মাওলানা লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা কামরুজ্জামান, মুহতামিম—ফরিদপুর শামসুল উলুম মাদ্রাসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমী, মাওলানা নিজামউদ্দিন (মুহতামিম, পুরুরা মাদ্রাসা, সালথা) এবং মাওলানা সাইফুর রহমান, যুগ্ম আহ্বায়ক—ফরিদপুর জেলা ওলামা দল।
এছাড়াও জমিয়তে উলামায়ে ইসলাম, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ করেন।

