ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে বন্যার ঝুঁকি মোকাবিলা এবং জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে আধুনিক প্রযুক্তিনির্ভর ‘ফ্ল্যাগভিত্তিক আগাম সতর্কতা ব্যবস্থা’ বিষয়ক দিনব্যাপী প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের পদ্মার চর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মহড়া অনুষ্ঠিত হয়।
জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম (ফেজ–৩)-এর আওতায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্র্যাকটিক্যাল অ্যাকশন ইন বাংলাদেশ এই কর্মসূচির আয়োজন করে। মহড়ার মূল উদ্দেশ্য ছিল বন্যার আগাম প্রস্তুতি জোরদার করা, দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধি করা।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউট উদ্ভাবিত ‘ডাইনামিক ফ্লাড রিস্ক মডেল’ প্রদর্শন করা হয়। এই মডেলের মাধ্যমে পাঁচটি ভিন্ন রঙের পতাকার সাহায্যে বন্যার তীব্রতা ও বিপৎসীমা সম্পর্কিত আগাম সতর্কবার্তা প্রদানের কৌশল হাতে-কলমে শেখানো হয়। কারিগরি সেশনটি পরিচালনা করেন বুয়েটের অধ্যাপক আনিসুল হক।
প্র্যাকটিক্যাল অ্যাকশন ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইশরাত শবনম বলেন, “বন্যার মতো দুর্যোগে সহজবোধ্য আগাম সতর্কবার্তা মানুষের জীবন ও সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পতাকানির্ভর এই ব্যবস্থা সাধারণ মানুষের কাছে তথ্য পৌঁছানোকে আরও সহজ করবে।”
মহড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, স্থানীয় স্বেচ্ছাসেবক ও চর এলাকার সাধারণ মানুষ এতে অংশ নেন।
সংশ্লিষ্টরা মনে করেন, পদ্মা অববাহিকার চরাঞ্চলে এ ধরনের নিয়মিত মহড়া বন্যাপ্রবণ এলাকার মানুষের দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি করবে।

