আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটার পল্লীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা আহত হয়েছে। এ ঘটনায় দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত বিএনপি নেতাকে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগ মতে জানা গেছে, উপজেলার কামটা গ্রামের মৃত মাজেদ সরদারের ছেলে বিএনপি নেতা মাছুম সরদার (৩২) এর সাথে পার্শ্ববর্তী আক্তার হোসেনের ছেলে রুহুল আমিন (কোপা লিটন, দা লিটন) (৪৫) এর দীর্ঘদিন বিরোধ চলে আসছে।
সেই বিরোধের জের ধরে ১৬ মার্চ দুপুর ১টার দিকে রুহুল আমিন, তার ছেলে রানা হোসেন (২২) ও রুহুল আমিনের স্ত্রী রুপালী পারভীন (৩৮) সহ অজ্ঞাতনামা ২/৩ জন রাম দা, লাঠি ইত্যাদিতে সজ্জিত হয়ে চাঁদপুর ডেল্টা মোড় সংলগ্ন আশরাফ আলীর রাইছ মিলের সামনে পাকা রাস্তার পাশে বাদীর আপন ভাই মামুন হোসেন (৩৫) এর পথরোধ করে এবং ১নং বিবাদীর হাতে থাকা রাম দা দ্বারা তাকে হত্যার উদ্দেশ্যে তার মাথা লক্ষ্য করে কোপ মারতে গেলে ৩নং বিবাদী তার হাত থেকে দা কেড়ে নেয়।
এরপর ১নং বিবাদী হাতে বাঁশের লাঠি নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে তার মাথার পিছনের অংশে বাড়ি মেরে রক্তাক্ত জখম করে এবং শরীরের বিভিন্নস্থানে মারপিট করে। এসময় ২ ও ৩নং বিবাদী তাকে এলোপাথাড়িভাবে লাথি, চড়, কিল, ঘুষি মেরে তার শরীরের বিভিন্নস্থানে ফোলা জখম করে।
এক পর্যায়ে স্থানীয়রা ছুটে আসলে সন্ত্রাসীরা মারাত্মক আহত অবস্থায় তার ভাইকে ফেলে চলে যায়। পরে সংবাদ পেয়ে আহত অবস্থায় তার ভাইকে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন এবিষয়ে থানায় অভিযোগ পাওয়া গেছে জানিয়ে বলেন, ঘটনার তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

