ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রাম মমতাজউদ্দিন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দীর্ঘদিনের সেবক সুকুমার বিশ্বাস (স্থানীয়দের কাছে ‘দুঃখীরাম’ নামে পরিচিত) বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়ছেন। গুরুতর অসুস্থ অবস্থায় তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, ডান পায়ের ধমনীতে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সংক্রমণ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে চিকিৎসকরা পচন রোধে তাঁর একটি পা কেটে ফেলতে বাধ্য হন। বর্তমানে রক্তশূন্যতা ও সংক্রমণের কারণে তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শৈশবে পিতৃহারা সুকুমার বিশ্বাস মায়ের সঙ্গে আশ্রয় নেন স্থানীয় এক ঘোষ পরিবারে। সেখান থেকেই শুরু হয় বিদ্যালয়ের দপ্তরীর কাজ। জীবনের অধিকাংশ সময় তিনি বিদ্যালয়ের ঘণ্টা বাজিয়ে কাটিয়েছেন। অসংখ্য শিক্ষার্থীর স্মৃতিতে তিনি আজও অমলিন। তবে অবসরের পর তাঁর জীবন হয়ে পড়ে অনিশ্চিত—নেই নিজস্ব জমিজমা বা বসতভিটা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ আতিয়ার রহমান বলেন, “তিনি আমাদের বিদ্যালয়ের ইতিহাসের অংশ। আজ তিনি অসহায় অবস্থায় চিকিৎসাধীন। সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ, তাঁর পাশে দাঁড়ান।”
এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী বলেন, বিষয়টি তাঁদের জানা ছিল না। পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে সরকারিভাবে সহায়তার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন বিদ্যালয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা এই মানুষটির চিকিৎসা ও পুনর্বাসনে সরকারি ও বেসরকারি উদ্যোগ জরুরি হয়ে পড়েছে।

