গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলা এলাকায় একইদিনে পাগলা কুকুরের কামড়ে ১৫ জন এবং বিড়ালের কামড়ে আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা উপজেলার কটকস্থল, টরকী, বিল্বগ্রাম, শাওড়া, সুন্দরী, বার্থী, বাউরগাতি ও মাগুরাসহ বিভিন্ন গ্রামের বাসিন্দা।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর জরুরি বিভাগের রেজিস্টার সূত্রে জানা গেছে, কুকুরের কামড়ে আহতদের মধ্যে রয়েছেন কটকস্থল গ্রামের নয়ন বেগম, শিশু আবিদা (৫), আয়াত (৩), লাইজু (৮), মুনা (২২), তাইয়েবা (৪), জোলেখা বেগম (৪০), সুন্দরী গ্রামের মাসুদা বেগম (৩৬), শিশু খাদিজা (৩), টরকী এলাকার শিউলী (৩৩), পারুল বেগম (৫০), আবু বক্কর (১২), সামিয়া (৭), নবীন (৬) এবং আগৈলঝাড়া উপজেলার সবুজ বেপারী (৩২)।
এছাড়া একইদিন বিড়ালের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার মিটুল কুমার কুন্ডু (২৯)।
হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, আগের দিন (২৯ এপ্রিল) একই উপজেলার আরও তিনজন কুকুর ও বিড়ালের কামড়ে আহত হয়ে চিকিৎসা নেন।
জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. সমিরন হালদার জানান, আহতদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ভ্যাকসিন প্রদান করে তাদের বাড়িতে পাঠানো হয়েছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত পাগলা কুকুর নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

