Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে দাখিল গণিত পরীক্ষায় ভুল প্রশ্ন: ৪ শিক্ষককে অব্যাহতি

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
এপ্রিল ৩০, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে দাখিল গণিত পরীক্ষায় ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনায় কেন্দ্র সচিব, হল সুপারসহ চার শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সম্রাট হোসেন বুধবার এ সিদ্ধান্ত দেন।

জানা যায়, রাজগঞ্জ সিদ্দিকীয়া মডেল ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ২৬ এপ্রিল অনুষ্ঠিত গণিত পরীক্ষার এমসিকিউ অংশে ১২ নম্বর কক্ষে ৩৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এ সময় চারজন অনিয়মিত পরীক্ষার্থীকে নিয়মিত পরীক্ষার প্রশ্ন এবং চারজন নিয়মিত পরীক্ষার্থীকে অনিয়মিত পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়। অভিযোগ রয়েছে, বিষয়টি কক্ষ পর্যবেক্ষকদের জানানো হলেও তারা তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেননি। ফলে ওই আটজন পরীক্ষার্থী ভুল প্রশ্নেই পরীক্ষা দিতে বাধ্য হয়।

এ ঘটনায় পরদিন স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসন বিষয়টি তদন্তে উপজেলা একাডেমিক সুপারভাইজার মাসুদ হোসেনসহ তিন সদস্যের কমিটি গঠন করে।

তদন্তে কেন্দ্র সচিব, হল সুপার ও কক্ষ পর্যবেক্ষকদের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্র সচিব জাহাঙ্গীর আলম, হল সুপার আব্দুল আলিম এবং কক্ষ পর্যবেক্ষক আবু দাউদ ও আমিনুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

এদিকে নতুন করে কেন্দ্র সচিব হিসেবে মনিরামপুর মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মহসিন আলী এবং হল সুপার হিসেবে খালিয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রশিদকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা বৃহস্পতিবার থেকে দায়িত্ব পালন শুরু করেছেন।

অভিযুক্ত কক্ষ পর্যবেক্ষকরা দাবি করেছেন, ভুলটি অনিচ্ছাকৃত ছিল এবং বিষয়টি ধরা পড়ার পর অতিরিক্ত ২০ মিনিট সময় দিয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঠিক প্রশ্নে পুনরায় পরীক্ষা নেওয়া হয়। তবে তদন্তে দায়িত্ব পালনে গাফিলতির বিষয়টি নিশ্চিত হওয়ায় প্রশাসন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।